আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: নাম প্রকাশে অনিচ্ছুক ঐ সূত্র আরো জানিয়েছে যে, এ বিস্ফোরণ গতকাল ৭ই আগস্ট সকালে ঘটেছে। অজ্ঞাত পরিচয়ের অস্ত্রধারীরা বাগদাদের ৫০ কিলোমিটার দক্ষিনে অবস্থিত আলেকজান্ডারিয়া অঞ্চলের একটি বাড়ীতে কয়েকটি বোমা স্থাপন ও বিস্ফোরণ ঘটালে এ ঘটনা ঘটে।
ঐ বোমাগুলোর বিস্ফোরণে বাড়ীতে বসবাসকারী পরিবারের ৬ জন সদস্য নিহত হয়। বিস্ফোরণে ঐ বাড়ীর আশেপাশের কয়েকটি বাড়ী ধ্বংস হয়ে যায় এবং আরো কয়েকটি বাড়ী ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
ঐ সূত্র আরো জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। ঘটনার পরপরই ইরাক নিরাপত্তা বাহিনী’র সদস্যরা ঘটনাস্থলকে ঘিরে ফেলে এবং ইতিমধ্যে তারা বিষয়ে তদন্ত শুরু করেছে।
এ ঘটনা এমতাবস্থায় ঘটলো, যখন ইরাক কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, মার্কিন সামরিক বাহিনী’র বেশ কয়েকজন প্রশিক্ষক ২০১১ সালের পরও ইরাকে অবস্থান করার বিষয়ে সম্মতি দানের জন্য তারা ওয়াশিংটনের সাথে আলোচনায় বসবে।
উল্লেখ্য, ইরাক ও যুক্তরাষ্ট্রের মাঝে ২০০৮ সালে কৃত চুক্তি অনুযায়ী ২০১১ সালের শেষ নাগাদ মার্কিন বাহিনী’র সকল সদস্যকে ইরাক ত্যাগ করতে হবে।#